নীলফামারীতে জিন তাড়ানোর কথা বলে ছাত্রী ধর্ষণ ।। ইমাম গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে জিন তাড়ানোর কথা বলে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

অভিযুক্ত ইমাম সাকিব আলী (৩০) সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একটি মসজিদে ইমামতি করতেন। তার বাড়ি রংপুরের কোতোয়ালি থানায় বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অষ্টম শ্রেণির ছাত্রীর ওপর জিন ভর করেছে জানিয়ে ইমাম সাকিব আলীকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য পরিবারের লোকজন অনুরোধ করেন। ইমাম দুই দফায় ওই ছাত্রীকে ঘরে বসিয়ে ঝাড়ফুঁক দেন। এ সময় পরিবারের সদস্যদের ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য করেন সাকিব। রোববার ঘরের মধ্যে বসে ঝাড়ফুঁক দেওয়ার সময় মেয়েটি চিৎকার করে। বাড়ির লোকজন ঘরের ভেতরে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এ সময় প্রতিবেশীরা সাকিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার দিন রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর সোমবার সাকিবকে জেলহাজতে পাঠায় পুলিশ। মঙ্গলবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মেয়েটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খান বলেন, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ইমাম সাকিব ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করেছেন।

Share Button