ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।। বাপ ছেলের নামে থানায় মামলা

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ইউপি সদস্য ও তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউপির দক্ষিণ কোলকোন্দ পীরেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার কোলকোন্দ ইউপির ৭নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলামের ছেলে মশিউর রহমান তিন বছর আগে বাড়ির পাশের এক দিনমজুরের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই তরুণী রাজি না হলে মশিউর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ওই তরুণী শুক্রবার বিয়ের দাবি নিয়ে মশিউরের বাড়িতে গেলে তার বাবাসহ বাড়ির অন্যান্য লোকজন তাকে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে ওই তরুণী ইউপি সদস্য শরিফুল ও মশিউরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। বর্তমানে ওই তরুণী গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অভিযুক্ত ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি ষড়যন্ত্রমূলক। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button