বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৮০ বছরের বৃদ্ধের

বান্দরবান বিশেষ প্রতিনিধি:

বান্দরবানের রেইছা এলাকায় জমি জোরপূর্বক দখল, অবৈধভাবে বেড়া নির্মাণ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৮০ বছর বয়সী আব্দুর রহিম চৌধুরী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, আব্দুর রহিম চৌধুরী বান্দরবান সদর থানাধীন ৩১৩ নম্বর বান্দরবান মৌজার খতিয়ান নং-১২০-এর অন্তর্ভুক্ত ১ম ও ৩য় শ্রেণির মোট ০.২৭ একর জমির মালিক। জমিগুলো ১৫৩৯, ১৬৯১ ও ১৬৯২ নম্বর দাগে অবস্থিত। এর মধ্যে তিনি নুর বশরের কাছে তিন গণ্ডা জমি বিক্রি করেন।

তবে অভিযোগকারীর দাবি, বিক্রিত জমি যথাযথভাবে পরিমাপ করে সীমানা নির্ধারণের আগেই ক্রেতাপক্ষ সেখানে টিনের ঘর নির্মাণ করে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ২০২৫ সালের ২০ মে বান্দরবান সদর থানায় জিডি নং-৮৪৯ দায়ের করা হয়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে আপস- মীমাংসা হয়।

আপসনামা অনুযায়ী, ক্রয়কৃত জমির বাইরে অতিরিক্ত কোনো জায়গা দখল না করা এবং নতুন করে কোনো বিরোধে না জড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, বিক্রিত জমির পাশে তাঁর মালিকানাধীন কিছু খালি জায়গা রয়েছে। তিনি বিবাদীদের কাছে আইনানুগভাবে ওই জমি বিক্রির প্রস্তাব দিলেও তাঁরা কোনো আলোচনা বা সম্মতি ছাড়াই সেখানে জোরপূর্বক বেড়া নির্মাণ করে জমি দখলে রেখেছেন বলে অভিযোগ করেন।

এদিকে স্থানীয় বাসিন্দা মো. হাসানের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট চার গণ্ডা জায়গা ক্রয়ের বিষয়ে জমির মালিক আব্দুর রহিম চৌধুরীর কাছে নগদ ৫ লক্ষ টাকা বায়না বাবদ দেওয়া হয়েছে।
জমি ক্রয়-বিক্রয় ও অর্থ লেনদেনের বিষয়টি নিয়েও এলাকায় আলোচনা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে অভিযোগে ১ নম্বর অভিযুক্তের নাগরিকত্ব নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে রোহিঙ্গা নাগরিক হওয়া সত্ত্বেও মিথ্যা তথ্য ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশের ভোটার হয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অভিযোগে আরও বলা হয়, জমির বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে বিবাদীরা আব্দুর রহিম চৌধুরীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি ভবিষ্যতে ওই জমিতে প্রবেশ করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

৮০ বছর বয়সী আব্দুর রহিম চৌধুরী জানান, নিজের মালিকানাধীন জমি নিয়ে বিরোধ এবং অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধ নিজের জমির অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে ঘটনাটি সরেজমিনে তদন্ত, জমির প্রকৃত মালিকানা ও সীমানা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।

Share Button