ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১ কেজি এমওপি ও ১ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জমিতে পরিমিত ও সঠিক মাত্রায় সার ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
