মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।
বান্দরবান ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক লিটনের সঞ্চালনায় সভায় স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মেডিকেল কনসালটেন্ট ডা. হাফিজা সুলতানা বন্যা।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, আলফারুক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আমিন উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বেলাল হোসেন, সাংবাদিক মুহাম্মদ আলী’ সহ বান্দরবান ডায়াবেটিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য, ডায়াবেটিসে আক্রান্ত রোগী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। তবে সময়মতো রোগ শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে।
তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, শারীরিক পরিশ্রম ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে রোগের জটিলতা কমার পাশাপাশি জীবন ও অর্থ দুটোই সাশ্রয় হয়।
বক্তারা আরও বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিসজনিত নানা জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা- নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ডায়াবেটিসের লক্ষণ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হচ্ছে।
