কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদের দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদটির মুয়াজ্জিন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফুলবাড়ী উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে ফজরের আজান দিতে বাড়ি থেকে বের হন মুয়াজ্জিন মো. ছাবেদ আলী (৬৫)। মসজিদের সামনে পৌঁছে হাতে বালতি নিয়ে কয়েকজনকে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখেন তিনি।
পরে মসজিদের বারান্দায় গিয়ে দরজা-জানালা, ভেতরের দেয়াল ও মেঝের বিভিন্ন স্থানে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন বলে অভিযোগ করেন ছাবেদ আলী। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ও মুসল্লিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাও মসজিদের ভেতরে ও আশপাশে মলমূত্র ছড়িয়ে থাকতে দেখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মসজিদের পবিত্রতা ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ছাবেদ আলী। অভিযোগে সাক্ষী হিসেবে মো. মেহের জামাল, মো. নুর জামাল মিয়া ও মো. আব্দুল গলির নাম উল্লেখ করা হয়েছে।
মুয়াজ্জিন ছাবেদ আলী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
