ভুরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

গ্রামীন সুবিধাবঞ্চিত মানুষ, গর্ভবতী নারী, শিশু এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আরডিআরএস বাংলাদেশ-এর ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড নার্চারিং গ্রোথ ফর পভার্টি আপলিফমেন্ট ইন রংপুর (সি-রংপুর)’ প্রকল্পের উদ্যোগে জয়মনিরহাট ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: যোবায়ের হোসেন, আরডিআরএস আই কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ডা: ওয়াহিদা আক্তার, রিফ্রাকশনিস্ট শাহরিয়ার আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়মনিরহাট ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবুবক্কর সিদ্দিক, আরডিআরএস বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (হেলথ) জেসমিন আক্তার, ডিস্ট্রিক্ট অফিসার ধলেশ্বরী রানী, সি এম উত্তম কুমার রায় ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, এ স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের ফলে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে। তিনি সরকারী চিকিৎসা সেবার পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হেলথ ক্যাম্প আয়োজন করে অগ্রণী ভূমিকা পালনের জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু সমস্যা, কিশোর – কিশোরীদের স্বাস্থ্য সমস্যা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সাধারণ রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে মোট রোগীর উপস্থিতি ছিল ১৩০ জন ( পুরুষ ২৪ জন নারী ১০৩ জন কিশোর ৩ জন)।

Share Button