হাফিজুর রহমান হৃদয়ঃ
৩১ জুলাই ছিটমহল বিনিময়ের ৪ বছর পূর্তি করে রাত ১২ টা ০১ মিনিটে ৫ম বছরে পদার্পণ করেছে। খুব বেশি সময় নয়, এরই মধ্যে ছিটমহলবাসীর র্দীঘ ৬৮ বছরের অন্ধকার জীবনের অবসান ঘটিয়ে পেয়েছেন শতভাগ বিদ্যুতায়ন, প্রশস্ত পাকা রাস্তা, সরকারি উদ্যোগে নির্মিত মসজিদ ও মন্দির, বিটিসিএল কর্তৃক অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সেন্টার, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সকল প্রকার নাগরিক সেবা।
গত চার বছরে বিশেষ বরাদ্দে দাসিয়ারছড়ায় প্রায় ২২ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১৮ কোটি টাকা ব্যয়ে এলজিইডির মাধ্যমে ২৪ কিলোমিটার পাকা রাস্তা তৈরী হয়েছে দাসিয়ারছড়ায়। ২০ লাখ টাকা ব্যয়ে কালিররহাটে কমিউনিটি রির্সোস সেন্টার, ৯০ লাখ টাকা ব্যয়ে ৫টি মসজিদ, ২০ লাখ টাকা ব্যয়ে একটি মন্দির, ২ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নীলকমল নদীতে একটি ব্রিজ, ১০ লাখ টাকা ব্যয়ে ১০টি হত দরিদ্র পরিবারের বসতবাড়ি নির্মাণ উল্লেখযোগ্য। এছাড়াও প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির ১৫টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। ইসলামিক ফাউন্ডেশনের ১৪টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র। ৫টি হাইস্কুল, ১টি মাদ্রাসা ও একটি কলেজ।
৩১ জুলাই ছিটমহল বিনিময়ের ৪ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা। সন্ধ্যা ৭টায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১০ টা থেকে ১২টা পর্যন্ত আলোচনা সভা, রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জলন ও কেক কাটা ও দোয়া মমাহফিলেরর আয়োজন।
বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাশিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। বিশেষ অতিথি, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিঞা বাদশা, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, জেলা পরিষদ সদস্য, কাজী নাজমুল হুদা লাল, মাহবুবা বেগম লাভলী, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর বখত, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সেরা প্রমুখ।
১ আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বিলুপ্ত ছিটমহলের উন্নয়ন ও চাওয়া-পাওয়া জানিয়ে স্মারকলিপি প্রদান করবেন দাশিয়ারছড়াবাসী। দুপুর ২ টা পর্যন্ত দাশিয়ারছড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন ও বিকাল ৩টায় ঐতিহ্যবাহী লাঠিখেলা ও জাতীয় খেলা হা-ডু-ডু’র আয়োজন করা হবে।
বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাশিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, দাশিয়ারছড়া সমন্বয়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম ও স্থানীয় আব্দুল খালেক মিয়া জানান, স্মারকলিপি প্রদান করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিলুপ্ত ছিটমহলের সার্বিক উন্নয়ের কথা জানাবো। সেই সাথে কিছু সমস্যা সমাধানের আবেদন জানানো হবে। আমাদের অনেক উন্নয়ন হলেও শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছি। শিক্ষার প্রসারের জন্য শিথিলযোগ্য নিয়মে সাবেক ছিটমহলের স্কুল, কলেজ ও মাদ্রাসা দ্রুত এমপিওভুক্তি করণের দাবী জানানো হবে। এছাড়াও বিলুপ্ত ছিটমহলের কিছু কিছু কাঁচা রাস্তা পাকা করার আবেদন করা হবে। ছিটমহল বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার আগে এখানকার নিরাপত্তার জন্য যারা আনসার বাহিনী ছিলেন তাদেরকে বহাল রেখে সম্মানী ভাতার ব্যবস্থা করার আবেদন জানানো হবে।
