জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
১৪ অক্টোবর বুধবার পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠার মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও আদর্শভিত্তিক সমাজ গঠনের আহ্বানে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল। কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আল-কারীম মারকাজুল উলূম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা নূর বখত মিয়া।
বয়ানে পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবিকতা ও উত্তম চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়, অন্যায় ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ধর্মীয় ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মাহফিলে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান কোরআনের শিক্ষা ধারণ ও তা জীবনে বাস্তবায়নের অঙ্গীকারকে আরও অর্থবহ করে তোলে। বক্তাদের প্রত্যাশা, কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্প্রীতি এবং ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠার পথ সুগম হবে।
