জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
বিদ্যালয় বাঁচাও শিক্ষার্থী বাঁচাও এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন নুরুর বিরুদ্ধে শিক্ষা কার্যক্রমের সংকট ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন ছাত্র সমাজ ও এলাকাবাসী।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বটতলা বাজারে ঘন্টা ব্যাপী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বটতলা থেকে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিপদের বন্ধু সংগঠনের সভাপতি রনি সরকার, বিপদের বন্ধু সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুন সরকার, সাবেক শিক্ষার্থী মাসুদ রানা, সাধারণ শিক্ষার্থী আসাদুজ্জামান সোহাগ, সাবেক শিক্ষার্থী শ্রী শুভ চন্দ্র রায়সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সম্প্রতি অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তারা। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলেও সেটির তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্র সমাজ ও এলাকাবাসী, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান এলাকাবাসী।এ সময় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পাঁচটি দাবি তুলে ধরেন ছাত্র সমাজ ও এলাকাবাসী।
এ সময় বক্তারা আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদন্ত চলাকালে কোনো পক্ষ যেন প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
