স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ কায়দায় মাটির কলসে করে মাটির নিচে পুঁতে রাখা ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারি মতিয়ার রহমান ওরফে মতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামের মতিয়ার রহমান ওরফে মতুর পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব ইস্কাফ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিয়ার রহমান পালিয়ে যান। পরে তার পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় একটি মাটির কলসের ভেতরে রাখা ৬০ বোতল ইস্কাফ মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানা পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে পুলিশ।
