এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের নিয়ে শিলখুড়ি ইউনিয়নের এক বিসিআইসি সার ডিলারের গুদাম থেকে ১৯০ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে। সদস্যসচিব করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারকে।
কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ইতিমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামীকাল সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইউএনও আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সার নিয়ে যাওয়ার ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
