ভূরুঙ্গামারীতে চাহিদামত সার না পেয়ে ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক

এফ কে আশিক, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামত সার না পেয়ে বিসিআইসি সার ডিলারের গুদাম থেকে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছে বিক্ষুব্ধ কৃষক।

রবিবার ( ২৩ আগস্ট ) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা বাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রোপা-আমনের ভরা মৌসুমে গত তিন দিন থেকে সার না পেয়ে রবিবার সার দেওয়ার কথা শুনে শিলখুড়ি ইউনিয়নের বিপুল সংখ‍্যক কৃষক সার নিতে সকাল থেকে ধলডাঙা বাজারে অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার কৃষকেরা গুদামের তালা ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ , শিলখুড়ি ইউনিয়নের ডিলার মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ এর মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমশি করেন। তার মোট বরাদ্দ ছিলো ১৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা সার। তাই বিক্ষুব্ধ কৃষক সার নিয়ে যায়।

পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ এর মালিক তাইফুর রহমান মুকুল জানান, সর্বশেষ ডিও অনুযায়ী ৩৪০ বস্তা সার আমি উত্তোলন করি। আজ বিতরণের সময় বিপুল সংখ‍্যক কৃষক উপস্থিত হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই গুদামের তালা ভেঙে সার নিয়ে যায় স্থানীয় কৃষক।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ওই ইউনিয়নে চাহিদা প্রায় ৪ হাজার বস্তা সার। উত্তোলন আরও কম ছিল। ফলে কৃষকরা সার না পাওয়ার শঙ্কা থেকে গুদাম থেকে সার নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশের তৎপরতায় বিকেল ৪টা পর্যন্ত ৬০ জন কৃষক ৬০ বস্তা সার ফেরত দিয়ে গেছে। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, ওই ইউনিয়নে মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা ইউরিয়া সার । এর মধ্যে এবারের ৩৪০ বস্তা সার উত্তোলন করেছেন ওই ডিলার। সার বিতরন চলাকালীন সময়ে কিছু উশৃঙ্খল জনতা ডিলারের গোডাউনের তালা ভেঙে ১৯০ বস্তা সার জোরপূর্বক নিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, সার উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মহোদয়কে রিপোর্ট দিব।

Share Button