কুড়িগ্রামে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নৌযান শুমারি ২০২৬-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী প্রথমবারের মতো মোটরচালিত নৌযান শুমারি ২০২৬-এর মূল শুমারি আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) জেলা পরিসংখ্যান অফিস, কুড়িগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও অংশীজনরা অংশ নেন। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, দেশের মোটরচালিত নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরিই এ শুমারির অন্যতম লক্ষ্য। নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

দেশব্যাপী পরিচালিত এ শুমারিতে নৌযান মালিক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য দিয়ে শুমারি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Share Button