কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হোসেন লিটুর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল হক।
এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি কিছু ফেক ও বট আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মোর্শেদ হোসেন লিটুকে জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের অপপ্রচার কেবল একজন ত্যাগী ও জনপ্রিয় ছাত্রনেতার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, “মোর্শেদ হোসেন লিটু দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সততা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের ভালোবাসা ও গ্রহণযোগ্যতা কখনো নষ্ট করা যাবে না।”
আজিজুল হক আরও বলেন, “আমরা এই ন্যক্কারজনক, উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা ফেক আইডি ও ভুয়া ফেসবুক পেজ ব্যবহার করে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “অপপ্রচারকারীরা কখনোই তাদের অসৎ উদ্দেশ্যে সফল হবে না। সত্য সবসময় প্রতিষ্ঠিত হবে। তাই দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণকে বিভ্রান্তিকর পোস্ট, গুজব ও অপপ্রচারে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করবে।
