গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে এক ব্যক্তিকে গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন করে তদন্ত ও গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, গত ৩ জুলাই রাত প্রায় ৩টার দিকে একটি অপরিচিত গ্রামীণফোন নম্বর থেকে তাকে ফোন করা হয়। ফোনকারী নিজেকে উলিপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজু পরিচয় দিয়ে একটি জিডির তদন্তের কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গ্রেফতারের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ঘটনার একটি কল রেকর্ডও রয়েছে বলে দাবি করেন তিনি।

জানা গেছে, উপজেলার মাদারটারী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার মৃত মেহের বেপারীর জীবদ্দশায় খনন করা একটি পুকুরে কারণে পুকুরপাড়ের পানির ঢেউয়ে ভাঙ্গার অভিযোগে বাদী পক্ষ উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্তের সূত্র ধরেই পুলিশ পরিচয়ে ফোন করে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুর রাজ্জাক।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মান্নান জানান, একই নম্বর থেকে তাকে ফোন করে অপর এক ব্যক্তি নিজেকে উলিপুর থানার কর্মকর্তা শফিক পরিচয় দিয়ে দ্রুত আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ কারণেই তিনি ঘটনাস্থলে যান।

তবে আব্দুর রাজ্জাকের জামাতা স্টার নিউজের সাংবাদিক, বিষয়টি জানার পর ইউপি সদস্যের বক্তব্যের ধরন পাল্টে যায় বলে অভিযোগ ওঠে। পরে তিনি উভয় পক্ষকে আপস-মীমাংসার পরামর্শ দেন এবং বাদী পক্ষকে জিডি প্রত্যাহারের বিষয়েও কথা বলবেন বলে জানান।

অভিযোগের বিষয়ে উলিপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজু বলেন, “আমি যদি ফোন করতাম, তাহলে অবশ্যই আমার নিজস্ব সরকারি নম্বর থেকেই করতাম। যে নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়েছে, সেটি আমার নয়। নম্বর ও কল রেকর্ড দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “এটি প্রতারক চক্রের কাজ হতে পারে। কোনো অবস্থাতেই তাদের কাছে টাকা দেবেন না। প্রতারকের ফোন নম্বরসহ থানায় যোগাযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share Button