ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধ, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিবিষয়ক ১৯টি সেশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার শিলখুড়ী ইউনিয়নে এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে সংগঠনের সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখুড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য লাইলী বেগম, ইউপি সদস্য ছুরমান আলী, আব্দুল কাদের, এসডিএস’র সভাপতি আব্দুল হক ও শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু ছালে।
আয়োজকেরা জানান, ধারাবাহিকভাবে পরিচালিত এসব সেশনে কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিতকরণ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে।
এসব শেসনে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন, সাবান, খাতা-কলম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বক্তারা সমাজে বাল্যবিয়ে রোধ, শিক্ষা বিস্তার এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
