স্টাফ রিপোর্টার:
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বুক চিরে প্রবাহীত দুধকুমার নদের পানি। রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পাউবো সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৮.৭৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। যা গতকাল একই সময়ে ছিল ২৮.১৭ সেন্টিমিটার। এই নদে পানির বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ৬০ মিটার। পাটেশ্বরী এলাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা সেই সাথে ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন তারা।
দুধকুমার নদী পাড়ের বাসিন্দা জুলহাস, ফরিদুল ও আমজাদ জানালেন, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসানের মতে, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
