ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদের কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকায় সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, ছাত্রদল নেতা আহসান হাবীব, স্থানীয় বাসিন্দা রোকন মিয়া ও ফারুক হোসেনসহ আরো অনেকে।
বক্তারা অভিযোগ করেন, কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও মাদক-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
তাঁরা বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ সক্রিয় হলে একটি চক্র পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং মানববন্ধনের মতো কর্মসূচি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করে।
তাঁরা আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।
এ বিষয়ে আনোয়ার হোসেন আরিফের একধিক মোবাইল নাম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, সম্প্রতি মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ হয়ে কিছু মাদক কারবারি এসআই জাহিদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয় এবং মানববন্ধন করে। বিষয়টি স্থানীয় মানুষের নজরে আসে। এর প্রতিবাদে আজ এলাকার সচেতন মানুষ ও ভুক্তভোগীরা মানববন্ধন করেছে। আমরা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, কয়েক দিন আগে স্থানীয়ভাবে চিহ্নিত কিছু মাদক কারবারি এসআই জাহিদের পরিচালিত মাদকবিরোধী অভিযানের প্রতিবাদে একটি মানববন্ধন করেছিল। বিষয়টি এলাকার সচেতন মহলকে বিস্মিত করে। এর ধারাবাহিকতায় আজ একই স্থানে বৃহৎ পরিসরে মানববন্ধন হয়েছে। স্থানীয় মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছে। তাদের এই সচেতনতা মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশও এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধ দমনে পুলিশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানান।
