ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ ভানু চন্দ্র বর্মনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভানু চন্দ্র বর্মনের হাতে অনুদানের চেক তুলে দেন ইউএনও অমৃত দেব নাথ।
ভানু চন্দ্র বর্মন উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা। তিনি যোগেশ চন্দ্র বর্মনের ছেলে। বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছিল তাঁকে।
অনুদান প্রদানকালে ইউএনও অমৃত দেব নাথ বলেন, ভানু চন্দ্র বর্মন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। অর্থাভাবে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এটি উপজেলা প্রশাসনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের বড় অর্জন। আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভানু চন্দ্র বর্মন ও তাঁর পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
