নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা পৌঁছে দিতে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৬ জুন) উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়।
নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক কৃষকের উঠানে অনুষ্ঠিত সেমিনারে নারী ও পুরুষ কৃষকরা মাদুর পেতে গোল হয়ে বসে অংশ নেন। কৃষি বিভাগের কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে কৃষক ও কৃষাণীরা সামাজিক সম্পদ মানচিত্র প্রণয়ন, স্থানীয় কৃষি সমস্যার তালিকা তৈরি এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নির্ধারণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার জামিল, রুহুল আমিন ও আব্দুল হাকিমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।
কৃষি কর্মকর্তারা জানান, নবগঠিত কৃষক গ্রুপের সদস্যদের নিয়মিতভাবে উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং টেকসই চাষাবাদ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হবে। এর ফলে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন পেতে সক্ষম হবেন এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হবে।
অনুষ্ঠানে “মনিয়ার হাট টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ-১” নামে কৃষক সংগঠনটি গঠন করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি গ্রহণ এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
