নাগেশ্বরীতে রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেয়ায় ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নয়া খবর রিপোর্টঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২ ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করার পাওয়া গেছে। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী শিবির থেকে আগত রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার ঘটনায় তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। আজ বুধবার তিনি জানান গত ১৬ জুলাই এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়ে তিনি নিশ্চিত হয়েছে।

তিনি আরও জানান কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বিষয়ে ১০ দিনের মধ্যে ওই ২ ইউপি চেয়ারম্যানকে জবাব দিতেও একটি চিঠি দিয়েছেন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, নাগেশ্বরী উপজেলার ৬নং সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু ও ১২নং নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন বিধিমালা ২০১৮ এর বিধি ৯ ও ১০ ধারা প্রতিপালন না করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন কুতুপালং শরনার্থী শিবিরের রোহিঙ্গা শরনার্থীদের জন্মসনদ প্রদান করেন।

জানা যায়, রোহিঙ্গা নারী ফাতেমা খাতুন (২৬), মীম খাতুন (২৫), আলেয়া খাতুন (২৬), নুড়িকা খাতুন (২৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুনের আত্মীয় পরিচয়ে ওই দুই ইউনিয়নের জন্মসনদ নেন।

চলতি বছরের ৩ এপ্রিল মালয়েশিয়া যাওয়ার জন্য কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে সহযোগী আরিফা খাতুনসহ আটক হন তারা।

ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান বলেন আগামী রোববার বিষয়টির সমাধান হতে পারে। সমাধান হলে তারা পুণরায় দায়িত্বভার পাবেন।

Share Button