জনদুর্ভোগ নিরসনে আশার বার্তা: নাককাটির হাটে জনগণের পাশে কায়কোবাদ

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের নাককাটির হাট এলাকায় দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দাবিতে অপেক্ষায় থাকা মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সরেজমিনে মানুষের খোঁজখবর নিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
শুক্রবার পবিত্র জুম্মার নামাজ নাককাটির হাট কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করেন তিনি। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষের সুখ-দুঃখ, এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবিদাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে নাককাটি হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে রাজমাল্লী রোড পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কথা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে কাঁচা ও চলাচল-অনুপযোগী এ সড়কের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষকে নানাবিধ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তারা।
জনগণের এই দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ দ্রুত সময়ের মধ্যে সড়কটি পাকাকরণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে উন্নয়ন কাজ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় তাঁর উপস্থিতি ও উন্নয়নের আশ্বাসে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও সন্তোষের ভাব লক্ষ্য করা যায়। এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

Share Button