ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী জুলেখা খাতুন কে শিক্ষা সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০২ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে অনুদানের চেক তুলে দেন ইউএনও অমৃত দেব নাথ ।
জুলেখা খাতুন উপজেলার সোনাহাট ইউনিয়নের জহুরুল হকের কন্যা।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, আর্থিক সমস্যার কারণে পরবর্তী সেমিস্টারে ভর্তি নিয়ে দুশ্চিন্তা করছিলেন জুলেখা। সে দুশ্চিন্তা নিরসনে উপজেলা প্রশাসন কর্তৃক আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার প্রচেষ্টা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। তার জন্য শুভকামনা রইল।
তিনি আরও বলেন, এই অনুদান শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজে শিক্ষার প্রতি আস্থা বাড়াবে। আমরা চাই, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্যের কারণে পিছিয়ে না পড়ে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।
