‘আমরাও মানুষ ভূরুঙ্গামারী’র ব্যতিক্রমী আয়োজনে রঙিন হলো এতিম শিশুদের ঈদ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসহায় ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাও মানুষ ভূরুঙ্গামারী’। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে শিশুদের হাতে শুধু ঈদসামগ্রী তুলে দেওয়া হয়নি, বরং তাদের নিজেদের পছন্দমতো নতুন পোশাক কেনার সুযোগও করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ২০ জন অসহায় ও এতিম শিশুকে ঈদ উপহার দেওয়া হয়। পরে সংগঠনের সদস্যরা শিশুদের স্থানীয় মার্কেটে নিয়ে যান। সেখানে তারা নিজেদের পছন্দ অনুযায়ী নতুন পোশাক বেছে নেয়।

নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের উচ্ছ্বাস। আয়োজকেরা বলেন, শিশুদের মুখের হাসিই তাদের এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। সংগঠনের সদস্য আবু সুফিয়ান পারভেজ, জাহিদুল ইসলাম ও সুলতান মিয়া উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন।

সংগঠনটির এডমিন রিয়াদ মন্ডল বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। উপজেলার কোথাও কোনো অসহায় পরিবারের খবর পেলে আমরা সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করি। বর্তমানে ভূরুঙ্গামারীকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করলেও ভবিষ্যতে সারা দেশে এ মানবিক উদ্যোগ ছড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে।”

সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে প্রতিষ্ঠিত ‘আমরাও মানুষ ভূরুঙ্গামারী’ মূলত ব্যক্তিগত অনুদান ও প্রবাসীদের অর্থায়নে পরিচালিত হয়। স্থানীয় ও প্রবাসী কয়েকজন নিয়মিতভাবে তাঁদের আয়ের একটি অংশ সংগঠনের তহবিলে দেন। সেই অর্থ দিয়েই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share Button