কুড়িগ্রাম পৌরসভা এলাকার বেহাল অবস্থা : সাবেক পৌর মেয়রের ক্ষোভ

জাফর আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌরসভার বেহাল অবস্থা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক। ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা-আবর্জনায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।

সাবেক মেয়র বলেন, একসময় একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ার স্বপ্ন দেখা হয়েছিল। কিন্তু বর্তমানে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়, বাড়ছে মানুষের ভোগান্তি।

তিনি আরও বলেন, “পৌরসভা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি মানুষের আশা-ভরসার জায়গা। নাগরিক সেবা নিশ্চিত না হলে উন্নয়নের দাবি অর্থহীন হয়ে পড়ে।”

এদিকে শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে জলাবদ্ধতা, ড্রেন উপচে পড়া নোংরা পানি এবং রাস্তাজুড়ে খানাখন্দ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

দ্রুত সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন পৌরবাসী।

Share Button