মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারের সঙ্গে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নবাগত পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া প্রশাসনের কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, বান্দরবানে যোগদানের আগে তিনি দীর্ঘ চার বছর সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের দায়িত্ব পালন করেছেন। একজন সাংবাদিক চাইলে সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আরও সুসম্পর্ক ও সমন্বয় গড়ে তুলতে হবে। কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকরাও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য আদান-প্রদান এবং পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
