ফুলবাড়ীতে শোকের মাতম: বিএনপি নেতার জানাজায় জনতার ঢল

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান নজির হোসেনের মৃত্যুতে পুরো রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ফুলবাড়িসহ সমগ্র কুড়িগ্রামে বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মাঝে নেমে আসে শোকের মাতম।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নজির হোসেন ছিলেন ত্যাগী, সাহসী ও কর্মীবান্ধব একজন নেতা। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণের ভালোবাসার অর্জন করেছেন, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন একজন অভিভাবকতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নীতি ও আদর্শে বিশ্বাসী মরহুম নজির হোসেন কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ি উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নজির হোসেন ছিলেন একজন সক্রিয় ও সাহসী সংগঠক। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন এবং তার অবদান বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
আজ দুপুর ২টা ৩০ মিনিটে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক সবেক এমপি ওমর ফারুক , পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে শোকাহত মানুষের মিলনমেলায় পরিণত।
নজির হোসেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন স্থানীয়রা। তার সততা, নেতৃত্বগুণ, রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক আচরণ দীর্ঘদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে ফুলবাড়িবাসী ও কুড়িগ্রামের মানুষ।

Share Button