মেধা ও যোগ্যতায় কুড়িগ্রামে পুলিশে চাকরি পেলেন ৩৯ জন তরুণ তরুণী

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ৩৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়াও অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৮ জনকে। ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি/২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ হাজার ৪১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
শারীরিক পরীক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে উত্তীর্ণ ৫১৪ জন প্রার্থী পরবর্তীতে গত ২৭ এপ্রিল লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫ জন প্রার্থীর ৬ মে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়।
লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে ৩৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশের জন্য নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি বলেন যারা এ পর্যায়ে উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে আগামীতে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবারও চেষ্টা করার আহ্বান জানান।
ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের অনেককে আনন্দে কাঁদতে দেখা যায়। সাধারণ ও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পাওয়ায় তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে এমন নিয়োগ প্রক্রিয়া তরুণ সমাজের মাঝে আস্থা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

Share Button