নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে কুড়িগ্রামে বিএনপির নির্দেশনা

জাফর আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
সারাদেশের মতো কুড়িগ্রামেও শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ লক্ষ্যে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফা-এর উদ্দেশ্যে একটি পত্র জারি করা হয়েছে। পত্রটি স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী।
চিঠিতে বলা হয়, শিশু-কিশোরদের ক্রীড়া বিকাশে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করবেন বলে দল আশা করে।
দলীয় সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন আগামী ২ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে। এতে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করবেন।
পত্রে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়কসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মোস্তাফা বলেন, “দলীয় নির্দেশনা অনুযায়ী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফল করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করব এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।”
এ কর্মসূচির মাধ্যমে দেশের শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়বে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
Share Button