জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী এই কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে অসহনীয় তাপদাহে কুড়িগ্রাম পৌর শহরের চারটি পরীক্ষা কেন্দ্র—কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বসার জন্য চেয়ার, বিশুদ্ধ পানি, স্যালাইন ও চকলেট বিতরণ করেন।
প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অভিভাবকদের জন্য এই উদ্যোগ ছিল এক ধরনের স্বস্তির নিঃশ্বাস। অনেকেই জানান, এমন মানবিক কার্যক্রম শুধু প্রশংসনীয়ই নয়, বরং সময়োপযোগীও বটে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল, দপ্তর সম্পাদক অর্ঘ্য দীপ সাহা, সদস্য নাঈম ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, পলিটেকনিক ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময়, ছাত্রনেতা আরাফাত ইসলাম ও রাকিব হাসান, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
উদ্যোগটির মূল লক্ষ্য ছিল গরমজনিত পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধি করা। এ সময় উপস্থিত অভিভাবকরা ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আগামীতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
