জাফর আহমেদ, কুড়িগ্রাম:
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রামে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় জেলার সর্বস্তরের মানুষ।
নববর্ষের সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে “আই লাভ কুড়িগ্রাম” চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে পথচলার প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, নতুন বছরের অঙ্গীকার হওয়া উচিত একটি মানবিক, বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষ নতুন বছরকে স্বাগত জানায় আনন্দ, প্রত্যাশা ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে।
