ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমানসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়া ৫০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন হলেই দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এজন্য তিনি কৃষি বিভাগকে কৃষকদের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

Share Button