ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও আসমানী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে দুই শতাধিক যুব ও নারীর অংশগ্রহণে একটি সেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, আসমানী ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর শিরিন আক্তার আশা এবং উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা ও বৈষম্য দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বিভিন্ন যুব সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
