ভূরুঙ্গামারীতে সিএনবি’র আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) দুপুরে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিড (সিএনবি) ইলিয়াস আলী ও উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশ কখনো টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে না। সমাজের সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর, উপজেলার দশটি ইউনিয়নের যুব সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Button