ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করার বিষয়টি সতীর্থদের কাছে জানলুকা প্রেস্তিয়ান্নি স্বীকার করেছেন বলে যে খবর গণমাধ্যমে এসেছে, তা সঠিক নয় বলে দাবি করেছে তার ক্লাব বেনফিকা।
এই আর্জেন্টাইন উইঙ্গার শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে পর্তুগিজ গণমাধ্যমে খবর আসে যে, তিনি সতীর্থদের কাছে তেমন কিছু বলার কথা স্বীকার করেছেন।
তবে এক বিবৃতিতে বেনফিকা জানিয়েছে, খবরটি একদমই সত্যি নয়।
“রেয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের কথা নিজের স্কোয়াড বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে প্রেস্তিয়ানি স্বীকার করেছেন-এমন খবর বেনফিকা পুরোপুরি অস্বীকার করছে।”
“এরই মধ্যে প্রকাশ্যে এসেছে যে, রেয়াল মাদ্রিদ ম্যাচের সময় যে ঘটনা ঘটেছে, এর জন্য ওই খেলোয়াড় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই ধরনের ঘটনা এবং এর পরিণতির জন্য তিনি অনুতপ্ত এবং শুরু থেকেই বলে আসছেন, তিনি বর্ণবাদী নন।”
এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা পাওয়ায় রেয়ালের মাঠে ফিরতি লেগে খেলা হয়নি প্রেস্তিয়ান্নির। ওই ম্যাচেও ২-১ গোলের হারে চ্যাম্পিয়ন্স লিগে শেষ হয় বেনফিকার পথচলা।
শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন ভিনিসিউস। পরে কিলিয়ান এমবাপে দাবি করেন, পাঁচবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেন প্রেস্তিয়ান্নি, যা বেনফিকার খেলোয়াড়রাও শুনেছেন।
এই অভিযোগ নিয়ে তদন্ত করছে উয়েফা। তদন্ত শেষ হওয়ার আগেই প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এক ম্যাচের জন্য তরুণ উইঙ্গারকে নিষিদ্ধ করে তারা। এর বিরুদ্ধে আপিল করে সফল হয়নি বেনফিকা। প্রথম লেগে একমাত্র গোল করা ভিনিসিউস ফিরতি লেগে ২-১ ব্যবধানের জয়েও জালের দেখা পান।
