পাকিস্তানে অবস্থানরত মার্কিনদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রে
আফগানিস্তানের সঙ্গে ‘উত্তেজনা বৃদ্ধির’ প্রেক্ষাপটে পাকিস্তানে অবস্থানরত মার্কিনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। খবর আল–জাজিরার।
পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, সামরিক স্থাপনা ও বড় বাণিজ্যিক কেন্দ্রগুলোর আশপাশে অবস্থানের সময় মার্কিনদের ‘সতর্কতা অবলম্বন’ করার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এসব স্থান ‘সন্ত্রাসী সংগঠনগুলোর সম্ভাব্য নিশানা’ হতে পারে।
এর আগে, আফগানিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক করে দেয়। দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্মরণ করিয়ে দেয় যে চলমান নিরাপত্তা ঝুঁকির কারণে আফগানিস্তানে ‘৪ মাত্রার ভ্রমণ সতর্কতা’ জারি আছে। এ মাত্রার সতর্কতার মানে হলো, ঝুঁকিজনিত কারণে সেখানে ভ্রমণ করা যাবে না।
