স্টাফ রিপোর্টার:
নাগেশ্বরী থানার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় থান কাপড়সহ তিনটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, মাদক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি, নিয়মিত অভিযান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে দ্রুত সাড়া দিয়ে ইতোমধ্যে জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মোঃ মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে বেরুবাড়ী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা গ্রামের ফুলতিরডারা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলের আরোহী যানটি ফেলে পালিয়ে যায়। পরে তিনটি ইজিবাইক তল্লাশি করে সাদা প্লাস্টিক ও চটের বস্তায় রাখা মোট ২৪টি বস্তা থেকে ২৪৮ থান প্যান্টের কাপড় উদ্ধার করা হয়। প্রতিটি থানায় ১২ মিটার হিসেবে মোট কাপড়ের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯৭৬ মিটার। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রতি মিটার ৪০০ টাকা হিসেবে মোট ১১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা বলে পুলিশ জানায়।
এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং অবৈধ মালামালসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মোঃ হাফিজুর রহমান (৪২), পিতা মৃত ছকিমুদ্দিন, পশ্চিম বেরুবাড়ী (ঠাকুরের পাড়); মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতা মৃত আব্দুল্লাহ শেখ এবং মোঃ শহিদুল ইসলাম (৫৫), পিতা মৃত ইউসুফ আলী। তারা উভয়েই মমিনগঞ্জ, ওয়ার্ড নম্বর ৮, নাগেশ্বরী পৌরসভা এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অপরাধের কথা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ঘটনায় নাগেশ্বরী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১)(খ) ধারায় মামলা নম্বর ০৬, তারিখ ৭ জানুয়ারি ২০২৫ রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
