কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার আলিম মাদরাসা মাঠে রায়গঞ্জ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ, আনিছুর রহমান আনিছ, সাবেক সভাপতি নুরনবী দুলাল, সহ সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ অনেকে। ওছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে মাঠে থেকে ভূমিকা রাখতে হবে।
সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন।
