নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া দেখা যায়।
ক্যাম্পে প্রায় আড়াই শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি বাচ্চাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় শতাধিক মানুষকে ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ নির্ণয় সেবা প্রদান করা হয়।
এই বিনামূল্যের স্বাস্থ্যসেবা কর্মসূচি পেয়ে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্তপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ জব্বার আলী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ছাইদুল হক, মোঃ বেলাল শেখ, মোঃ নুরুজ্জামাল সরকার। চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. বাদল সরকার, ডা. সাইদুল ইসলাম এবং ডা. আদম আলী।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন রাজ আহমেদ, রোকনুজ্জামান রোকন, সজিব আহমেদ, ক্বারী আবু বক্কর, গোলাম মোস্তফা ও শুভ আহমেদ।
সংগঠনের সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠুর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামীণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন।
