আগামী ২৪ ঘণ্টায় ৭ জেলায় বন্যার আশঙ্কা : ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক:

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সাত জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (৫ অক্টোবর) এক পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ভারতের তৎসংলগ্ন প্রদেশগুলোয় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে।

ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বাড়তে পারে, যা শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার কিছু এলাকায় সাময়িক প্লাবন ঘটাতে পারে।

এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের যমুনেশ্বরী, করতোয়া, আত্রাইসহ বিভিন্ন নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরবর্তী দুই দিন পানি সমতল দ্রুত বাড়লেও তৃতীয় দিনে তা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share Button