নয়া খবর ডেস্ক:
আলোকিত মানুষ গড়তে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পাঠক সম্মেলন। শনিবার (৪ অক্টোবর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তারা বলেন, মোবাইল আসক্তি ও আকাশ সংস্কৃতির দাপটে মানুষ বই বিমুখ হয়ে পড়েছে; অথচ আলোকিত সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই।
‘রোকেয়া স্মৃতি পাঠাগার’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বপ্নচুড়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কর্ণেল (অব.) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, মুন্সিগঞ্জের আলমখান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হালিম খান, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, কবি, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সুফিয়া বেগম, এবং লেখক, সাংবাদিক ও সংগঠক আশফাকুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীর হোসাইন।
সম্মেলনে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর জীবনে মানুষ এখন ক্রমেই বই থেকে দূরে সরে যাচ্ছে। তরুণ প্রজন্মের বড় একটি অংশ মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের রঙিন দুনিয়ায় আটকে পড়েছে। ফলে পাঠাভ্যাস হারিয়ে যাচ্ছে, যা সমাজ ও সংস্কৃতির জন্য বড় হুমকি। বক্তারা আরও বলেন, দেশে অনেক সমৃদ্ধ পাঠাগার থাকা সত্ত্বেও পাঠক নেই; অথচ বই মানুষকে ভাবতে শেখায়, মানুষকে নৈতিক ও সচেতন করে তোলে।
বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরাও পাঠ্যবইয়ের বাইরের বই পড়ায় আগ্রহ হারিয়েছে। এই ধারা পরিবর্তনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।
তারা আরও জানান, বই পড়ায় আগ্রহ সৃষ্টি করতে হলে পাঠাগারে পাঠকের চাহিদা অনুযায়ী বই সংরক্ষণ, নিয়মিত পাঠ প্রতিযোগিতা, পাঠ আলোচনা, সাহিত্য সভা এবং সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করতে হবে।
সম্মেলনে রংপুরসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় চার শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, আবৃত্তিশিল্পী, পাঠক ও পাঠাগার সংগঠক অংশগ্রহণ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারীরা পাঠাভ্যাস বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতবিনিময় করেন এবং প্রত্যেকে নিজ নিজ এলাকায় পাঠাগারকেন্দ্রিক কার্যক্রম আরও সক্রিয় করার প্রতিশ্রুতি দেন।
শেষে বক্তারা বলেন, আলোকিত মানুষ গড়ার প্রথম শর্ত হচ্ছে বইয়ের প্রতি ভালোবাসা। তাই বই পড়াকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
