কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু ধর্মঘট, অভিযোজন অর্থায়নের দাবি চরবাসীর ‎

কুড়িগ্রাম প্রতিনিধি:

‎জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় অভিযোজন অর্থায়নের দাবি জানিয়ে কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩১ আগষ্ট) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুরে স্থানীয় তরুণদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

‎চর গবেষণা ও এডভোকেসি মূলক সংগঠন ‘জাস্টিস ফর চার্স অ্যান্ড লোকাল রিসার্চ’ এর উদ্যোগে আয়োজিত এ ধর্মঘটে চরাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী-পুরুষ, শিশু ও তরুণসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

‎মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, নদীভাঙন, বন্যা, কৃষিজমি হারানোসহ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হয়ে পড়ছে। অথচ জাতীয় বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় চরের সংকটের যথাযথ প্রতিফলন নেই।

‎সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আইয়ুব সরকার বলেন, “আমরা দিন দিন অসহায় হয়ে যাচ্ছি। আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। অথচ আমাদেরও সুবিচার প্রাপ্য।”

‎ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। চরের মানুষকে পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি নদীভাঙন ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

‎ইউপি সদস্য আব্দুল আউয়াল বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। ভয়াবহ ভাঙনে আমাদের জীবন এলোমেলো হয়ে যাচ্ছে।

‎‘জাস্টিস ফর চার্স অ্যান্ড লোকাল রিসার্চ’-এর পরিচালক স্বপন কুমার সরকার বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাবে চরবাসীরা বাস্তুচ্যুত হচ্ছেন, সামনে কপ ৩০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সেখানে যাবার সাধ্য না থাকলেও আমরা আমাদের কন্ঠস্বর তুলে ধরছি। আমাদের এ মহুর্তেে প্রয়োজন স্থানীয় তরুণ নেতৃত্বে দীর্ঘমেয়াদী অভিযোজন চর গবেষণা ও বাজেট বরাদ্দ।আজকের এই ক্ষতির কারণ উন্নত বিশ্ব।

‎ধর্মঘটে উপস্থিত তরুণ জলবায়ু কর্মী মাসুদ, রাজিব, শাকিল, শাহীন প্রমুখ বলেন, চরাঞ্চলের মানুষ বাঁচতে চায়। তারা সরকার ও বিশ্বনেতাদের কাছে কার্বন নিঃসরণ কমানো, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং দ্রুত অভিযোজন অর্থায়নের জোর দাবি জানান।

Share Button