মো. রাফিউল ইসলাম (রাব্বি),স্টাফ রিপোর্টার, রংপুর:
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে সদস্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আজ সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রযুক্তিগত নানা সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ জঙ্গীরা আইএসের মতাদর্শ বাস্তবায়নে অনেকে সিরিয়া গেলেও একজনও ফিরে আসেনি। এছাড়া নব্য জঙ্গীরা আইএস মতাদর্শের দিকে ঝুকে পড়ছে। আমাদের বিভিন্ন টিম এসব দমনে সজাগ রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অনলাইন কার্যক্রমকে নস্ট করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার পর আইএস অনুসারী জঙ্গি বাংলাদেশ থেকে দমন হলেও ফের ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে তারা বাংলাদেশে সদস্য সংগ্রহ করছে। তবে ভয়ের কিছু নেই। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে যাতে না পারে সে জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসময় হলি আর্টিজান মামলাটির সাক্ষ্যগ্রহণ সহসাই শেষ হবে বলে জানান তিনি।
আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
