নিজস্ব প্রতিবেদক:
যেখানে অনেকেই নীরবতা বেছে নেয়, সেখানে একটি সাহসী কলম সত্য উচ্চারণে পিছপা হয়নি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রোথিত একটি অন্যায় বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করে একজন গণমাধ্যমকর্মী দেখিয়ে দিলেন, সাংবাদিকতাও হতে পারে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। আর এই বাল্যবিয়ে প্রতিরোধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন উত্তর জনপদের জনপ্রিয় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘নয়া খবর’র সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়। তিনি এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোরের দর্পণের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সংগঠন ‘নাগেশ্বরী প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এই উল্লেখযোগ্য ভূমিকার মূল্যায়ন করে “আরডিআরএস বাংলাদেশ”-এর সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়, সমৃদ্ধি কর্মসূচির আওতায় রোববার (২১ জুন) বিকাল ৪টায় নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত “উপজেলা দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা, বাল্যবিয়ে বিরোধী ম্যারাথন/সাইকেল র্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফির সভাপতিত্বে এবং প্রোজেক্ট কো-অর্ডিনেটর ইকবাল সাহাদতের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, আরডিআরএস বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, নাগেশ্বরী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকার প্রমুখ।
