স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীতে জীবিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাঁদের আঙ্গুলের ছাপ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আঙ্গুলের ছাপ সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৯ উপজেলায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন প্রমুখ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দুই দিনব্যাপী কর্মসূচীতে ৫১৭ জন জীবিত মুক্তিযোদ্ধার আঙ্গুলের ছাপ ও ছবিসহ তথ্য সংগ্রহ করা হবে।
