মো. রাফিউল ইসলাম (রাব্বি),স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে মনতাজ আলী (১০৮) নামে এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ শয়ন ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনতাজ কাফ্রিখাল ইউনিয়নের মকরমপুর পূর্বপাড়া গ্রামের মৃত. শাবাজ আলীর ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে ছোট ছেলে আশিকুর রহমান ও তার স্ত্রী শাহিনুর বেগমের সাথে বৃদ্ধ মনতাজ আলীর কথা কাটাকাটি হয়। বুধবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে নিজ শয়নঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর ধারনা-পারিবারিক কলহের কারণে পরিবারের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
