চট্টগ্রাম প্রতিনিধি:
চীনের আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল হাসান চৌধুরীসহ আরও অনেকে।

শনিবার বেলা ১১টার হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নেভাল অ্যাকাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৪১ মিনিটে কর্ণফুলীর পতেঙ্গা প্রান্তে ফলক উন্মেচন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে গাড়ি বহর নিয়ে নিজ হাতে টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রোববার সকাল ৬টায় টানেলটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ টানেল নির্মাণে কাজ করেছে চীনের চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। এর রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কোম্পানিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বলে জানান টানেল নির্মাণ প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী।
