মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে স্বামী পরিত্যাক্তা এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওই নারীর নাম রেমি বেগম (২০)। তিনি উপজেলার মিলনপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রিক্সা-ভ্যান চালক রেজাউল ইসলামের মেয়ে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রেমি বেগমের (২০) বছর খানেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার রাতে শয়নঘরে রেমির গোঙ্গানির শব্দ শুনতে পেয়ে বাড়ির লোকজন ঘরে ঢুকে তাকে অসুস্থ অবস্থায় বের করেন। এ সময় তার মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হচ্ছিল। তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শনিবার তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, নিহত রেমি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে এক বছর আগে তার স্বামী তাকে তালাক দেয়। কীটনাশক পানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
