কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে বন কর্মকর্তাদের ওপর হামলা

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বনের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদকালে বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে অবৈধ দখলদাররা। হামলায় চন্দ্রা বিট অফিসের দুই বন কর্মকর্তা আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায়। এ ঘটনায় চন্দ্রা বন অফিসের ফরেস্টার বাদী হয়ে কালিয়াকৈর থানা ও গাজীপুর বন আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। হামলার ঘটনায় টুটুল নামের একজনকে গ্রেপ্তার করে বন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্র বিটের অধীনে বিশ্বাসপাড়া হাবিবপুর এলাকায় বনের জমি অবৈধভাবে দখল করে বাড়িঘর গড়ে তোলে আনসার সদস্যসহ ওই এলাকার কিছু লোকজন। গত শুক্রবার দুপুরে হাবিবপুর এলাকায় পারভিন নামের এক আনসার সদস্য বনের জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছিল। খবর পেয়ে চন্দ্রা বিট অফিসের ফরেস্টার মনজুরুলসহ ১০-১৫ জন বন কর্মকর্তা ওই এলাকায় নতুন করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। এ সময় আনসার সদস্য পারভিন ও তার পরিবারের সদস্য রিয়া, ইসতিয়াক, আলম, ফারুক, ফাহিমসহ ১৫-২০ জন বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে তারা বন কর্মকর্তা আকিজুল ও মতিউর রহমানের গায়ের পোশাক টেনে ছিঁড়ে ফেলে। একই সঙ্গে অন্যদের অবরোধ করে রাখে। পরে এলাকাবাসীর সহায়তায় বন কর্মকর্তারা ওই এলাকা থেকে চলে আসেন। এ ঘটনার পর ফরেস্টার মনজুরুল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে একই দিন বিকেলে হাবিবপুর এলাকায় বনের জমি দখল করে ঘর নির্মাণ করছিল টুটুলসহ ১০-১২ জন। খবর পেয়ে বন কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বনের জমি উদ্ধার এবং টুটুল নামের একজনকে গ্রেপ্তার করেন। বাকিরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত টুটুলকে বন আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় মনজুরুল ইসলাম বাদী হয়ে টুটুলসহ ১০-১২ জনের নামে একটি বন মামলা দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার এসআই মিজানুর রহমান জানান, ওই এলাকার আনসার সদস্য ও তার পরিবারের লোকজন বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, ‘বনের জমি দখল করে ঘর নির্মাণ করছিল আনসার সদস্য পারভিনসহ তার পরিবারের লোকজন। নিষেধ করলে তারা বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে আমাদের দুজন আহত হন।’

Share Button